সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় দোয়ানী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) এবং একই এলাকার ফাহিম। আহত সোহাগ (২৭) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়খাতা গামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর একপর্যায়ে একটি মোটরসাইকেল গাছে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সবুজ ও ফাহিম মারা যান।
আহত সোহাগকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”