ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় তাদের ইটভাটার প্রবেশপথ ভেকু দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে মহানগর কৃষকদলের সহ-সভাপতি ফরিদ শেখের বিরুদ্ধে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকার পরশমণি ব্রিকস (পিএমবি) ইটভাটায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, টাকা না দিলে তাদের নয় বছরের শিশুসন্তানকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে। নিহত ইটভাটা মালিক বিশ্বজিৎ ঘোষের মৃত্যুর পর বর্তমানে তার ভাই চঞ্চল ঘোষ ভাটাটি পরিচালনা করছেন।
পরিবারের দাবি, তারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষের আত্মীয় পরিচয় দিয়ে তাদের নানাভাবে নাজেহাল করা হচ্ছে।
আইনজীবী ছন্দা ঘোষ সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা ফরিদ শেখ। টাকা না দেওয়ায় ভাটার দুই ম্যানেজারকে মারধর করে ইট বিক্রি বন্ধ করে দেয়। এমনকি শনিবার বিকেলে ফরিদ শেখের নেতৃত্বে কয়েকজন ভেকু দিয়ে ভাটার প্রবেশপথে গর্ত করে দেয়। আমাদের বাড়িতে ঢুকে গুলি ছোড়া হয়েছে এবং বাচ্চাকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত কৃষকদল নেতা ফরিদ শেখ জানান, “এটি চাঁদাবাজির বিষয় নয়, বরং ব্যবসায়িক লেনদেন। ২০২২ সাল থেকে ইটভাটায় মাটি দেওয়ার ৯ লাখ টাকা পাই। দীর্ঘদিন টাকা না দেওয়ায় পাওনাদাররা মিলে রাস্তা কেটে দিয়েছে।”
কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।