মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। শনিবার (২৩) বিকালে তিনি উপজেলার বিভিন্ন ভাঙনকবলিত পয়েন্ট ঘুরে দেখেন এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের দুর্দশার কথা তুলে ধরে জানান, প্রতিদিন নদী গিলে খাচ্ছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবন-জীবিকা। অনেক পরিবার ইতোমধ্যেই গৃহহীন হয়ে পড়েছে।
আব্দুল সালাম আজাদ বলেন, “নদী ভাঙন এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের দুর্ভোগ।বিগত সরকারের উদাসীনতার কারণে আজ ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, অথচ জনগণের পাশে দাঁড়ানোর মতো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের দুঃখ-দুর্দশার সময় পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কার্যকর প্রকল্প গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিক,দিঘিরপাড়ের সাবেক সভাপতি শামীন মোল্লা সহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। তারা সবাই নদী ভাঙন মোকাবিলায় স্থায়ী সমাধানের জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।