জিয়াউর রহমান ,পিরোজপুর প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় অসহায় ও দুস্থ মানুষের জন্য এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পিরোজপুর-২ আসনের ধানের শীষের পদপ্রত্যাশী মো. জসিম উদ্দিনের উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভান্ডারিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ ক্যাম্প পরিচালিত হয়।
এ সময় প্রায় চার শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম এবং ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এই উদ্যোগ সম্পর্কে মো. জসিম উদ্দিন বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। রাজনৈতিক পরিচয়ের বাইরেও মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে আমরা কিছু মানুষের কষ্ট লাঘব করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করেন, তার এই প্রচেষ্টা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়বদ্ধতারই প্রতিফলন। এর আগেও তিনি পিরোজপুরের বিভিন্ন এলাকায় নানা সেবামূলক উদ্যোগ গ্রহণ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।