আক্কাছ আলী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কৃষকের জালে আটকা পড়েছে নয় ফুট লম্বা একটি অজগর। এর আগেও গত বছরের নভেম্বরে গজারিয়া থেকে একটি অজগর উদ্ধার করেছিল স্থানীয়রা।
বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজী বাড়ির পেছনের ডোবা থেকে এ অজগরটি পাওয়া যায়। অজগরটি একনজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় জমায়।
স্থানীয় কৃষক মাহফুজ মিয়া জানান, আজ বুধবার সকালে তার বাড়ির পাশের ডোবায় পাতা জালে একটি আজগর দেখতে পান তিনি। সাপটি দেখে প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে লোকজন দলে দলে সাপটি দেখতে ছুটে আসতে থাকে। পরবর্তীতে তারা উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানান।
বিষয়টি সম্পর্কে স্থানীয় বাসিন্দা বিল্লাল মিয়াজি বলেন, ‘জালে অজগর সাপ ধরা পড়ার খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তা দেখতে ভিড় করেন। পরবর্তীতে তারা সাপটি উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসেন।’
উপজেলা বন কর্মকর্তা আসাদুজ্জামান শফি জানান, ‘আমরা সাপটি উদ্ধার করেছি। আমাদের ঢাকা অফিস থেকে লোকজন আসছে। আমরা তাদের হাতে সাপটি তুলে দিব। তারা তাদের সুবিধামত জায়গায় সাপটি ছেড়ে দিবে।