মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উলটে গিয়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে ওই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরমান, রাইসা ও তানজিল। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাযায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উলটে যায়।
এতে প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুইজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।