আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি
আমেরিকায় বসবাসরত নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রবাসীদের সংগঠন সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি (ইউএসএ) ইনক-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় নিউইয়র্কের সানকিম মেডো স্টেট পার্কে সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি নির্বাচিত হন সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের সন্তান এএসএম মাঈন উদ্দিন বাবলু।
তিনি চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। প্রবাসেও তিনি কমিউনিটির উন্নয়ন ও ঐক্যের জন্য কাজ করে আসছেন। সভায় বক্তারা বলেন, প্রবাসী সেনবাগবাসীদের কল্যাণে এই সংগঠন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত হবে এবং প্রবাসীসহ দেশের মানুষের কল্যাণে কার্যক্রম জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন। এএসএম মাঈন উদ্দিন বাবলুকে সভাপতি নির্বাচিত করায় সেনবাগের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ বিশ্বাস প্রকাশ করেন, তার নেতৃত্বে প্রবাসী সেনবাগবাসীর কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।