নুরুল আলম (নেত্রকোনা প্রতিনিধি) : নেত্রকোনা আলোকিত শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার দুপুর ২.৩০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবি স্বপন পাল লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান বিকেলে তার মরদেহ নেত্রকোনায় নিজ বাসভবন সাতপাই আনা হবে।
অধ্যাপক যতীন সরকার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে ১৮ আগষ্ট ১৯৩৬ খ্রিষ্টাব্দে (বাংলা ১৩৪৩ সনের ২ ভাদ্র) জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রগতিশীল, চিন্তাবিদ ও লেখক ছিলেন। তাঁর আনুষ্ঠানিক লেখাপড়া শুরু হয় রামপুর ফ্রি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৫৪ খ্রিষ্টাব্দে তিনি মেট্রিক পাস করেন। এক বছর ড্রপ দিয়ে টিউশনি করে কিছু টাকা সঞ্চয় করেন। পরের বছর ১৯৫৫ খ্রিষ্টাব্দে আইএ-তে ভর্তি হন নেত্রকোনা সরকারী কলেজে। এ সময় নেত্রকোনা কলেজের ছাত্রসংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। আইএ পাশের পর ১৯৫৭ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বিএ ক্লাশে ভর্তি হন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে বিএ পরীক্ষা দিয়েই জীবিকার তাগিদে নেত্রকোনার আশুজিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষককতা করেন। ১৯৬১ খ্রিষ্টাব্দে তিনি বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৩ খ্রিষ্টাব্দে এমএ পাস করেন তিনি। এ বছরই তিনি যোগ দেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষকতায়। পরে ১৯৬৪ খ্রিষ্টাব্দে তিনি ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজে বাংলা বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে কানন আইচ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যতীন সরকার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করেন।
অধ্যাপক যতীন সরকার রচিত গ্রন্থসমূহ গভীর মননশীলতা ও মুক্তচিন্তার স্বাক্ষর বহন করে। তাঁর প্রকাশিত ৩৫টি বইয়ের মধ্যে ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ ‘পাকিস্তানের জন্ম মৃত্যু-দর্শন’ ‘বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য’ ‘প্রাকৃতজনের জীবনদর্শন’ উল্লেখযোগ্য।
পেশাগত জীবনে তিনি সাহিত্যের কীর্তিমান অধ্যাপক। সাহিত্য, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, দর্শন ও রাজনীতির পরিসরে তার লেখার উপস্থিতি বলিষ্ঠ। তিনি লেখক হিসাবে কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ২০১০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার , ২০০৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ডা. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।
অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, উদীচী, সাহিত্য সমাজ, হিমু পাঠক আড্ডাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।