মো.সবুজ, (জেলা প্রতিনিধি):
ভোলায় বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো.ইমন(১৬) ও মো.নেছারউদ্দিন(২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা সিয়াম নামের আরেক আরোহী।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভার ১ নং ওয়ার্ড সংলগ্ন কাইমুদ্দির মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে মো.ইমন উপজেলার নীলকমল ইউনিয়নের মো.কালামের ছেলে এবং নেছারউদ্দিন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে।
এবং আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।সিয়ামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নেছারউদ্দিনের বাড়ি বোরহানউদ্দিন থেকে দাওয়াত খেয়ে ইমন ও সিয়ামসহ ৩ বন্ধু মিলে মোটরসাইকেল যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
তাদের মোটরসাইকেলটি দূর্ঘটনা কবলিত এলাকায় আসলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী নসিমনের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।এমসয় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরুত্বর আহত হন।পরে তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন ও নেছাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান,ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।