মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিককে (৪৫) আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
অভিযুক্ত তকীউর রহমানের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে ওই মহিলা মাদরাসা পরিচালনা করে আসছিলেন।
এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায়।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সুস্থতার আশায় মাদরাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে যায়। এ সময় ওই শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে পিটুনি দেন।
পরে শ্রীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে থানায় এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’