নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শীর্ষ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (৬ আগস্ট) রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
ওসি শাহীনুর আলম বলেন, রাতে সোয়া ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকার একটি স্থান থেকে টিএইচ তোফাকে আটক করা হয়। একই সময় নাসিক ৬নং ওয়ার্ডের নিজ বাসা থেকে এস এম আসলামের আটক করা হয়।
পুলিশের দাবি, টিএইচ তোফার বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্তাধীন ছিল। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিএইচ তোফা চাঁদাবাজির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
অন্যদিকে এস এম আসলামের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, তার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে একাধিক অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপার (এসপি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেন।
তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এসব আটকের ঘটনাকে ‘রাজনৈতিক হয়রানি’ বলে দাবি করছেন। তারা বলছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে দুর্বল করতে নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার চালানো হচ্ছে।
এদিকে আটক দুজনকে থানায় এনে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
এই ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে। বিএনপির স্থানীয় নেতারা বলেন, তারা শিগগিরই এ ঘটনার প্রতিবাদে গণমাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন এবং দলীয়ভাবে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আটকের ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।