আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগষ্ট নোয়াখালীর সেনবাগে বিএনপির তিনটি গ্রুপ পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। দিনভর চলা এসব কর্মসূচিতে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতাকর্মীরা।
সকালে পৌর শহরের জেলা পরিষদ মার্কেট চত্বরে এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের অনুসারীরা। সমাবেশ শেষে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়।
বিকেল ৪টার দিকে দ্বিতীয় ধাপে আনন্দ মিছিল করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের সমর্থকেরা। প্রেসক্লাব চত্বরে সমাপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল মান্নান।
এদিকে তীব্র বৃষ্টি উপেক্ষা করে বিকেল সাড়ে ৫টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল বের করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান। শহরের থানা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি দলের লক্ষ্য-আদর্শ নিয়ে বক্তব্য দেন।
অন্যদিকে, বিকেল ৪টার দিকে জামায়াতে ইসলামীর একটি অংশ শহরের মডেল স্কুল মাঠে সমাবেশ শেষে সাইয়েদ আহমেদের নেতৃত্বে মিছিল বের করে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একটি মিছিল থানার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে দলীয় নেতৃবৃন্দ দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
সার্বিকভাবে পুরোদিন জুড়ে সেনবাগ শহরে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।