নূরুল আলম কামাল (নেত্রকোণা প্রতিনিধি):
নেত্রকোণার শ্যামগঞ্জ এলাকা থেকে ২৮ কেজি গাঁজা সহ দুজনকে আটক করেছে। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর ক্যাম্পের অধিনায়ক ৮ ইস্ট বেঙ্গল এর নেতৃত্বে টহলদল ময়লাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চাঁন মিয়া (৫০)।
সোমবার রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার এর সব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নেত্রকোণা আর্মি ক্যাম্প হতে অধিনায়ক ৮ ইষ্ট বেংগলের নেতৃত্বে একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শ্যামগঞ্জের ময়লাকান্দা এলাকায় মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় দুলাল মিয়া গা ঢাকা দিলেও তার দুইজন সহকারীকে ২৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জব্দ মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও তার অপর সহকারী তোতা মিয়াকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তীতে নেত্রকোণার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।