আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মজিবুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, অভিভাবক সদস্য মনির হোসেন ও সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পাশাপাশি ২০২৬ সালের পরীক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।।