সোহেল রানা সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে নিলিমা ব্যাগ মিলস লিমিটেড নামের প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ কোটি টাকার ক্ষয় ক্ষতির আশংকা করা হচ্ছে।
শনিবার (২ আগস্ট) সকাল সোয়া ১০ টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কর্মরত শ্রমিক সূত্রে জানা যায়, সকালে ৫/৬ জন শ্রমিক ভিতরে কাজ করতেছিলো। হঠাৎ করেই ফ্যাক্টরির ভেতর আইপিএস রুম থেকে আগুন ও ধোয়া বের হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্যাক্টরিতে।
দুজন শ্রমিক ছাদ দিয়ে বের হয়ে ঘেট খুলে বাকিদের বের করেন। দ্রুতই আগুন নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কালো ধোয়া ও আগুন বের হতে থেকে। ঘটনাটি দেখে সাভার ক্যান্টনমেন্টের ২ গাড়ি সেনা সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি প্রাথমিকভাবে স্বাভাবিক করার চেষ্টা করেন।
সিংগাইর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেন। সিংগাইর, সাভার চামড়া শিল্প এলাকা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফ্যাক্টরির মালিক মোঃ আনিছুর রহমান জানান, প্রায় আড়াই মাস মিলটি বন্ধ থাকার পর আজকেই মিলটির উৎপাদন কাজ শুরু হয়। ফ্যাক্টরিতে ২ শতাধিক শ্রমিক কাজ করেন। সকালে ৫ জন এসে কাজ শুরু করেছিল। আমি আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে মুঠোফোনে জানাই।
পরে ঢাকা থেকে ফ্যাক্টরিতে এসে এগুলো দেখতে পাচ্ছি। তিনি আগুনে প্রায় ৬০ থেকে ৬৫ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দাবি করেন। শ্রমিক নিরাপদে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প অফিসার জাহাঙ্গীর বলেন, আমরা নিয়মিত টহলে ছিলাম। হঠাৎ আগুনের ধোয়া দেখতে পেয়ে প্রথমেই আমরা আসি। আমরা এসে প্রাথমিকভাবে সহায়তা করি। কাঁচের জানালা ভেঙে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করি।
৫ জন শ্রমিক ছিলো তারা নিরাপদে বেরিয়ে আসে। ভিতরে প্লাস্টিক কাঁচামাল, থিনার ও কিছু মালামাল বের করতে সেনা সদস্যরা সাহায্য করে। আগুনের সূত্রপাত আইপিএস এর শর্টসার্কিট থেকে হয়েছে বলে জানতে পেরেছি।
এঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম তৌফিক আজম, সেনা অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।