আমজাদ শিবলু ,সেনবাগ উপজেলা প্রতিনিধি
উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের আল জাহিদ ইসলামী মাদ্রাসায় বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব ও গাছের চারা বিতরণ কর্মসূচি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম মাছুমের সভাপতিত্বে ও শিক্ষক বোরহান সাদীর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো. ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি সেনবাগ জোনাল অফিসের ডিজিএম মো. মিনারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী নজির আহমেদ, হাজী রিপন চৌধুরী, সাংবাদিক খোরশেদ আলম এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরী। ফল উৎসবে শিক্ষার্থীরা দেশি-বিদেশি নানা জাতের ফল প্রদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ফল ছিল: আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, কুল, আনারস, কমলা, মাল্টা, পেঁপে, ড্রাগন ফল, স্ট্রবেরি, আঙ্গুর, আপেল, নাশপাতি, কিউই, খেজুর, তাল ও ডুমুর।
বক্তারা বলেন, এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করবে এবং পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরবে। তারা আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবমুখী আয়োজনও শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠান শেষে ফল উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা। আয়োজকরা জানান, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।