মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আব্দুর রউফ নামের এক ব্যক্তি স্থানীয়দের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে গণপিটুনির পর সেনাবাহিনীর গাংনী ক্যাম্পে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রউফ একই গ্রামের মৃত ডা. আব্দুল মান্নানের ছেলে। সম্প্রতি তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গ্রামে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। এর আগেও তিনি ডা. মাবুদের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার রাতে তিনি ফের চাঁদা চাইতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন।
পুলিশ জানায়, আব্দুর রউফ এর আগেও একইভাবে ব্যবসায়ীদের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় করেছিলেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, “স্থানীয়রা এক ব্যক্তিকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাংবাদিক পরিচয়ে অপকর্মের ঘটনায় প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, তাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।