সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন বলে দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে।
উপজেলা এনসিপির সদস্য তারিকুল ইসলাম বলেন, ‘মোস্তফাপুর ইউনিয়ন যুবদল আমবাড়ী হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ হাজার টাকা দাবি করে। প্রতিবাদ করলে তারা ৪০-৫০ জন হামলা চালায়। এ সময় আমিসহ তিন জন ছিলাম, ওরা সংখ্যায় বেশি। এতে আমিসহ দুজন আহত হয়েছি। বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আছি।’
মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ইজরাদার গরুর হাটে অবৈধভাবে ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা করে আদায় করে আসছেন। বাধ্য হয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিলে এর প্রতিবাদ হিসেবে মানববন্ধন করি। অতিরিক্ত টাকা আদায় করার প্রতিবাদ করায় তাদের ওপর এনসিপি সদস্যরা হামলা চালায়। এতে তাদের পক্ষের চারজন আহত হয়।
আহতরা হলেন, হাটের ইজরাদার আনিসুর রহমানের প্রতিনিধি পার্বতীর উপজেলা এনসিপির সদস্য তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল হক।
স্থানীয় ও আমবাড়ী হাটের প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ী হাটের ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপির সদস্য তারিকুল ইসলাম সোমবার আটটার দিকে হাট পরিচালনা করছিলেন। সেখানে যুবদল নেতা আবিদুর রহমানের লোকজন এসে মুখোমুখি অবস্থান নেয়। বেলা ১১টার দিকে মারামারির ঘটনা ঘটে।
এরপর বেলা একটার দিকে আমবাড়ী ডিগ্রি কলেজের ফটকের সামনে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা আমবাড়ী হাটের ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা ইজারামূল্য নেওয়াসহ চাঁদাবাজির প্রতিবাদে এনসিপির নেতা এবং হাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা–কর্মী অংশ নেন।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে পার্বতীপুরের আমবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ হোসেন বলেন, ‘ভোর থেকে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও এনসিপির নেতাকর্মীরা হাটের দুই পাশে অবস্থান নেন। উভয় পক্ষই মাঝেমধ্যে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের মাঝখানে পুলিশ সদস্যরা অবস্থান নেন। দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এরপর বেলা ১১টার দিকে এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম ঘটনাস্থলে এলে স্থানীয় যুবদলের সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এই ঘটনায় উভয় পক্ষের ছয় জন আহত হয়েছেন।’
মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ জানান, ইজারা মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করছে ইজারাদারের লোকজন ও এনসিপি প্রতিনিধি তারিকুল ইসলাম। হাটে গিয়ে তাদের মুখোমুখি হয়ে বিষয়টি জানতে চাইলে, ধাক্কা দিয়ে অফিস ঘরে নিয়ে এলোপাথারি মারধর করে।