সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেডের পাশে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে বুড়িমারী-লালমনিরহাট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে এসে পৌঁছায় এবং যাত্রী নামানোর পর সেটিকে পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
একই সময়ে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি একই লাইনে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইনে আংশিক ক্ষতি হয়। তবে লালমনি এক্সপ্রেসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অপরদিকে, যাত্রীবাহী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে গেলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
দুর্ঘটনার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ। তিনি জানান, “দুর্ঘটনায় কেউ আহত হননি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকাজ চলমান রয়েছে।”
লালমনিরহাট রেলওয়ের লোকো বিভাগের ডিএমই সাজিদ হাসান বলেন, “ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতি থাকলে রেহাই পাবে না।”
দ্রুত রেললাইন মেরামত ও রেক সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।