মাহিনুর ইসলাম ,বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ, শিশু ও দালালসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন।
গত শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এছাড়া তাদের সহায়তাকারি সন্দেহে একজন দালালকেও আটক করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা। তারা প্রায় ছয় মাস আগে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
তবে সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ও পরিস্থিতির অবনতি হওয়ায় তারা বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার জন্য তারা স্থানীয় এক দালালের সহায়তায় রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবির নিয়মিত টহলদল তাদের আটক করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিদেশে অবস্থান, ফেরত আসা এবং দালালের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই করে স্থানিয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।