বাংলাদেশ গণঅধিকার পরিষদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মোট ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৬টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির শীর্ষ নেতারা।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
•পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।
•পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর।
•পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে মো. রবিউল ইসলাম।
দলটির নেতারা জানান, বাকি একটি আসন অর্থাৎ পটুয়াখালী-২ (বাউফল) আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি, শিগগিরই সেই আসনেরও প্রার্থী ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
গণঅধিকার পরিষদের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে জনমানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হওয়ার লক্ষ্যেই এ প্রার্থী ঘোষণা।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামি নির্বাচনে তারা তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে একটি গণমুখী রাজনীতির নতুন ধারা তৈরি করতে চায়।