মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে বাকি টাকা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মাহিম সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা ও এলাকাবাসী।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রথমে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এরপর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বের করা হয় বিক্ষোভ মিছিল।
কর্মসূচিতে অংশ নেওয়া নিহত ব্যবসায়ী মাহিমের বাবা সবুজ সরকার ও মায়ের অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় গত ২৮ মে গভীর রাতে বাকি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিহত ব্যবসায়ী মাহিম সরকার (২০)।
পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে। এরপর ঢাকার ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে মারা যায় তিনি।
এ ঘটনায় নিহতের বাবা সবুজ সরকার বাদী হয়ে গত ২৯ মে অভিযুক্ত দু’জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে ঘটনার দিন প্রধান আসামি নাঈম শিকদারকে স্থানীয়রা আটক করে পুলিশে দিলেও এখনও পলাতক রয়েছেন অপর আসামি ইমরান। ফলে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভুক্তভোগী পরিবারের মাঝে।
এছাড়া কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় এলাকাবাসী দ্রুত মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানকে আটক করে এনে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এসময় কর্মসূচিতে অংশ নেয় অন্তত দুই শতাধিক স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ ও নিহতের পরিবার।
এরপর মানববন্ধন শেষে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে করা বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত চত্বরে গিয়ে শেষ হয়।