নেত্রকোনা প্রতিনিধি :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার প্রথম প্রহরে দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কর্মীরা এই প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন।
রাত ১২.১ টায় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিতি সকলে। পরে নিহতদের জন্য দোয়া করেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ গৌড় বলেন, উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। সন্তানহারা মা-বাবার কান্না সারা দেশের মানুষকে শোকার্ত করে তুলেছে।
আমরাও গভীরভাবে শোকাহত, মর্মাহত ও বাকরুদ্ধ। ভবিষ্যতে যাতে আর কোনো বিদ্যালয়ের ওপর এমন দূর্ঘটনা না ঘটে তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। এছাড়াও জনবসতি এলাকায় যেন ঝুঁকিপূর্ণ কোন কাজ অনুষ্ঠিত না হয় সে দিকে সরকারকে সচেষ্ট থাকতে হবে।
সংগঠনটির সভাপতি সৈকত সরকার জানান, প্রদীপ প্রজ্জ্বলন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে সংগঠনের কর্মীরা ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।