পটুয়াখালীর জেলার গলাচিপা উপজেলার গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ এর গলাচিপা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান রিচার্ড (৪৩) সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকার বাসিন্দা, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমানের একমাত্র সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মুশফিকুর রহমান রিচার্ড গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি গলাচিপা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গলাচিপা ক্রিকেট অঙ্গনের ছিলেন সংগঠক ও প্রাণ পুরুষ। সোমবার রাত ১১ টায় ঢাকার সেগুনবাগিচায় মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরে মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে তার মায়ের পাশে তাকে সমাহিত করা হয়েছে।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুন, গলাচিপা প্রেসক্লাব, প্রেসক্লাব গলাচিপা, পটুয়াখালী জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিএনপির অঙ্গসংগঠন, গলাচিপা বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।