সেলিম রেজা, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা বগুড়ার শেরপুরে ঘটেছে।
২১ জুলাই সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম। তারা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন ও এসআই সরাফতের নেতৃত্বে পুলিশের একটি দল শেরুয়া দহপাড়ায় অভিযান চালায়।
সেখানে হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পুলিশ সদস্যরা সিরাজুল ইসলামকে নিয়ে থানায় ফেরার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন (৩৫) ও ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং ধস্তাধস্তির মাধ্যমে আসামিকে ছিনিয়ে নেয়।
এ সময় পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং আসামির ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সজীব শাহরীন জানান, নাশকতা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতারের সময় তার পরিবারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর সিরাজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করলে একই কায়দায় মারধর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকায় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।