নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও শৃঙ্খলা পর্যালোচনা করেন। এসময় শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, যা ইউএনও মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের মাঝ থেকেই ভবিষ্যতের আলেম, হাফেজ ও দেশসেবক তৈরি হবে। এজন্য মনোযোগ দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে হবে।”
পরিদর্শন শেষে ইউএনও সারমিনা সাত্তার মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মাদ্রাসার সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনের সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।