নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হলো “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের পরিচিতি সভা।
সোমবার ( ১৪ জুলাই ) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং ওয়েব ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.ফোরকান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা,গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, গন অধিকার পরিষদের সভাপতি মো.হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাফর রানা,পরিসংখ্যান কর্মকর্তা মো.মাসুদ,সহকারি সমাজ সেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম সাইউম, তথ্য আপা ইসমাত আরা, জেলা সমন্বয়কারী মোঃ হাসান উল বান্নাহ্।
গলাচিপা উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা, গেটকা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন, এই প্রকল্প নারীদের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াবে এবং স্থানীয় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
সভায় বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের জীবনে প্রত্যক্ষভাবে পড়ছে। তাই নারী নেতৃত্বকে সামনে এনে, পরিবেশবান্ধব উদ্যোগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই গেটকা প্রকল্পের উদ্যোগ।
ওয়েব ফাউন্ডেশন ও এনএসএস প্রতিনিধিরা জানান, প্রকল্পের আওতায় নারী ও যুবদের প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক নেতৃত্ব গড়ে তোলার কাজ করা হবে।
সভার সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম।