শেকৃবি প্রতিনিধিঃ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
সোমবার (১৩ জুলাই) রাতে মাছ কেনাকে কেন্দ্র করে বিএনপি বাজারে শিক্ষার্থীদের ওপর হামলায় অন্তত চারজন আহত হন। হামলার প্রতিবাদে শতাধিক শিক্ষার্থী রাতেই বাজার ও থানায় ঘেরাও কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে দুই শিক্ষার্থী মাছ কিনতে গেলে দোকানির সঙ্গে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, ট্যাংরা মাছের টাকা নেওয়ার পর পুটিও তুলে দেন দোকানি।
বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এরপর ঘটনাস্থলে ছুটে যাওয়া আরও কয়েকজন শিক্ষার্থীর ওপরও হামলা চালানো হয় এবং দু’জনকে জোর করে আটকে রাখা হয়।
ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিএনপি বাজার ঘেরাও করে অবস্থান নেন। এ সময় দোকানদার ও কর্মচারীরা দোকান ছেড়ে পালিয়ে যায়।
আটকে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেলে শিক্ষার্থীরা সেখানেও অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।
হামলায় আহত চার শিক্ষার্থীর মধ্যে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী নাঈম হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, “শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।”
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার ইমাউল হক বলেন, “মামলার কাজ প্রক্রিয়াধীন। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”