মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও সম্প্রতি নিহত লাল চাদ সোহাগসহ বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা ২টায় বড়লেখা উত্তর চৌমুহনী চত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত।
এ সময় বিএনপির সমালোচনা করে তারা বলেন, বিএনপি তার দলের চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না । তাদের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ট। সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।