সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে বিএনপির কর্নেল মোস্তাফিজুর রহমান ও তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অন্তত বিশ জন আহত হন।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।