ফয়সাল আহমাদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে রাকিবুল হাসান নামের এক মাদরাসা ছাত্রের রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কেওয়া পূর্ব খন্ড গ্রামের হাজী মো. গিয়াস উদ্দিনের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাকিবুল হাসান(১৬) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার টেংগা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। সে ঢাকাস্থ কালাচাঁদপুর এলাকার একটি মাদরাসায় পড়াশুনা করতো। পাঁচদিন পূর্বে সে বাবার ভাড়া বাসায় বেড়াতে এসেছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে কাঁচা সবজি ও ফলের ব্যবসা করতেন। ছেলে হাসান ঢাকার কালাচাঁদপুরের একটি মাদরাসায় পড়তো। চার-পাঁচদিন আগে সে ছুটিতে বাসায় আসে। এরই মধ্যে হাসানের মা চলে যান গ্রামের বাড়িতে।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাবা খাইরুল ইসলাম দোকানের মালামাল কিনতে মাওনা চৌরাস্তা চলে যান। মালামাল ক্রয়ের পর সাড়ে এগারোটার দিকে বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান।
এসময় দরজা খুলেই ঘরের আড়ার সাথে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর দুইটার দিকে শ্রীপুর থানা পুলিশ ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, সকালে ছেলেকে বাসায় রেখে দোকানের মাল কিনতে যাই। এসে আমার ছেলেকে ঝুলন্ত দেখতে পাই। কেনো এমনটি ঘটলো তা বলতে পারিনা।
শ্রীপুর থানার এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের নাক- মুখ রক্তাক্ত ছিলো।
কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।