সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিশের সিংগাইর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ঐতিহ্যবাহী জায়গীর দরবার শরীফে আয়োজিত এক সভায় ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা দ্বীন মোহাম্মদ। তাঁকেই নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত করা হয় মুফতি আব্দুল্লাহ ফারুক্বী।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল আলীম এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ভূমদক্ষিন মোতাহার আলী ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে।
বাইতুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা আশরাফুজ্জামান শাকিল।
কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন আল্লামা শাহ মোহাম্মদ সাইদ নুর, মাওলানা তারেক বিল্লাহ, মাওলানা আব্দুল বাতেন,মুফতি মহিউদ্দিন কাসেমী,ডা.মাওলানা ফরিদ হানাফীসহ মোট ৯ জন বিশিষ্ট আলেম।
কমিটিতে উপজেলাজুড়ে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, ছাত্র ও দ্বীনি ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিশ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আক্বিদা ভিত্তিক ইসলামী আন্দোলন। মহান আল্লাহর জমিনে কুরআনের শাসন প্রতিষ্ঠাই এ দলের মূল লক্ষ্য।
কেন্দ্রীয়ভাবে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে দেশব্যাপী চলমান তৌহিদি আন্দোলনকে শক্তিশালী করতে সিংগাইরে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, ইসলাম, দেশ, ঈমান ও উম্মাহ রক্ষার স্বার্থে খেলাফত মজলিশের পতাকাতলে সব দ্বীনি শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
নতুন এ কমিটি স্থানীয় পর্যায়ে দ্বীনি দাওয়াত, সামাজিক ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিটি গঠনের পর দোয়া পরিচালনা করেন পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ।