নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার খালিয়াজুরীর উপজেলার মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাফসান রাব্বি পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।
একই সাথে ছাত্রশিবিরের রাজনীতিতে যোগদানের বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার (৮ জুলাই) রাব্বি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) তার আইডিতে এসব বিষয় নিয়ে একটি পোস্ট করেন।
রাফসান রাব্বি মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক। একই সাথে উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতিও তিনি।
ছাত্রশিবিরে যোগদানের বিষয়টি মঙ্গলবার বিকালে নিশ্চিত করেছেন খালিয়াজুরী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ আবু হুরায়রা।
ফেসবুক পোস্টে রাব্বি উপজেলা ছাত্রদলের সভাপতি বরাবর লিখেন, মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বরত আছি।
দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, একজন মুসলমান তথা সকল বিবেক সম্পন্ন মানুষের মাঝে কোন সুনির্দিষ্ট ব্যাক্তির পরিবর্তে রাসূল (সা:) এর জীবনাদর্শে অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম।
কোন নির্দিষ্ট ব্যাক্তি, পরিবার ও দুনিয়াবি ধর্ম নিরপেক্ষ রাজনীতির বিপরীতে গিয়ে সকল পর্যায়ে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে রাজনৈতিক রুটিন ওয়ার্ক আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।
তিনি আরও লিখেন, আল্লাহর এই জমিনে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি গ্রহন করেছে মূলত তাতেই নিহিত রয়েছে ইহ জাগতিক শান্তি ও পরকালীন মুক্তি। সংগঠনটির শৃংখলা, জনশক্তির জন্য সুনির্দিষ্ট ধর্মীয়
ও বিজ্ঞান ভিত্তিক সিলেবাস, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আদেশ ও আনুগত্যের ভারসাম্য, দেশের সমস্ত জনহিতকর আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্বদান ও দেশপ্রেম ইত্যাদি ইতিবাচক গুণাবলি আমাকে বিশেষভাবে দলটির প্রতি আগ্রহী করে তুলেছে।
রাব্বি আরও লিখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরে যোগদান পূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১নং মেন্দিপুর ইউনিয়নের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম।
জাতীয়তাবাদী ছাত্রদলে আমার এ দীর্ঘ পথচলায় শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়ায় আমাকে শামিল রাখবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ রাফসান রাব্বি জানান, কম্পিউটারে পদত্যাগের আবেদন পত্র লিখে রেখেছি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়কের কাছে প্রেরণ করব। বাংলাদেশ ছাত্রশিবিরের যোগদানের বিষয়ে তিনি বলেন, আমি তাদের কার্যকলাপে অনুপ্রাণিত হয়ে ছাত্রশিবিরের সাথে কাজ করছি। আমি কোন পদ পদবীতে নেই।
খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম পলিন জানান, শেখ রাফসান রাব্বি মেন্দিপুর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আমাদের কাছে পদত্যাগের আবেদন করে নি। যদি ফেসবুকে এরকম কোন পোস্ট তিনি দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।