মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলার লালমোহন-তজুমদ্দিনসহ জেলাজুড়ে ক্রমাগত ধর্ষণের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে লালমোহন চৌরাস্তায় ’জুলাই ছাত্রজনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে সাধারণ মানুষ এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন’ করে।
এসময় বক্তারা বলেন, হাজারও মানুষের আত্মত্যাগে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এ রক্তস্রোতের অন্যতম প্রধান অংশীদার ভোলা জেলার মানুষ। কারণ, ভোলা হচ্ছে জুলাইয়ের সর্বোচ্চ শহীদের জেলা। সেখানে ধর্ষণ এভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়বে, এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধীরা নতুন ব্যানারে গিয়ে ধর্ষণ শুরু করেছে। এছাড়া এতদিন নির্যাতনের শিকার হওয়া অনেকেও এখন জালিম হয়ে উঠেছেন।
ভোলায় এ ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না। তজুমদ্দিনের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শুধু বহিষ্কার করলেই চলবে না, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।