কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য—যার মধ্যে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রিস্টাল ম্যাথ (আইস) ও ইয়াবা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক হামীমুর রশীদ
অভিযানের শুরুতে গঙ্গামতি এলাকা থেকে মোঃ রাসেল মল্লিক (৩২), পিতা: মতি মল্লিককে ৮ গ্রাম ক্রিস্টাল ম্যাথসহ আটক করা হয়।
অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধারকৃত আইস-এর বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার টাকা।
এছাড়া মহিপুর থানার মম্বিপাড়া এলাকা থেকে মোঃআব্দুর রহমান, পিতা: নুরুল হকের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
একই দিন, কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া এলাকা থেকে মোঃ মেহেদী হাসান (২৫), পিতা: মোঃ খলিল এবং কলাপাড়ার ছোট বালিয়াতলী গ্রামের মোঃ রাকিব (২৯), পিতা: শহিদুল্লাহ মৃধাকে যৌথভাবে ২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামীমুর রশীদ বলেন,মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।
গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের তৎপরতা নিয়মিত চলবে।