আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের জন্য শীতল ও বিশুদ্ধ পানির কুলার স্থাপন করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানের অনুরোধে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার জার্মান প্রবাসী, ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়া ও ওমান প্রবাসী, ব্যবসায়ী নূর মোহাম্মদ সি.আই.পি এর অর্থায়নে শীতল ও বিশুদ্ধ পানির কুলার স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক নুর হোসেন সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ্ মিন্টু, সেনবাগ থানার ওসি তদন্ত হযরত আলী, প্রবাসী মিজানুর রহমান, সংস্থার সদস্য মোজাম্মেল হোসেন, সেনবাগ বাজার ব্যবসায়ী রহিম উল্যাহ সুজন।
এসময় থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সেবা নিতে আসা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ওসি মিজানুর রহমান বলেন, “থানায় প্রতিদিন বহু মানুষ নানান সেবা নিতে আসেন। দীর্ঘসময় অপেক্ষা করতে হয় অনেককেই।
গরমে তাদের যেন একটু প্রশান্তি মেলে, সেই ভাবনা থেকেই এই পানির কুলার স্থাপন করা হয়েছে। জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ।” এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
তারা বলেন, থানায় আসলে আগে বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। এখন অন্তত গরমে এসে একটু ঠান্ডা পানি খেয়ে স্বস্তি পাওয়া যাবে। এ ধরণের উদ্যোগ আরও থানায় চালু হওয়া উচিত বলে মনে করেন তারা।
উল্লেখ্য, জনগণের প্রতি পুলিশ প্রশাসনের দায়িত্বশীল মনোভাবের অংশ হিসেবে সেনবাগ থানা ইতিপূর্বেও জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছে।
ওসি মিজানুর রহমানের নেতৃত্বে থানার পরিবেশ ও জনসেবার মান অনেক উন্নত হয়েছে বলে স্থানীয়দের মত। এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়াবে বলেও মন্তব্য করেন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।