আমজাদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধিঃ
সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি”-এর উদ্যোগে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমটি মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। এতে ছাত্রদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেন আয়োজকরা এসময় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের বাহারাইন প্রতিনিধি নোমান ছিদ্দিকী।
তিনি বলেন, “আমরা যারা আজ দেশ-বিদেশে কাজ করছি, আমাদের দায়িত্ব সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। এ উদ্যোগ তাদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে শিক্ষার আলো ছড়াতে সাহায্য করবে।
” বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আবদুল্লাহ আল নোমান, নিজাম উদ্দীন, এবং আলাউদ্দিন (দুবাই প্রবাসী)। তারা বলেন, “আমরা চাই আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করুক। আমাদের ক্ষুদ্র এই প্রয়াস হয়তো তাদের ভবিষ্যতের পথে কিছুটা আলোর দিশা দেখাবে।
” স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য ব্যাচ ও সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।