বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী বলেছেন, “বিএনপি কখনোই অপরাধে জড়ায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণকারী কোনো ব্যক্তি অপরাধ করতে পারে না।”
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ-এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে কঠোরভাবে দমন করা হবে। লুটপাট ও চাঁদাবাজিতে যারা জড়িত, তাদের পুলিশে সোপর্দ করুন।” তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দৌলতুজ্জামান আনসারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মেলান্দহ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক আজম খান।