সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমির আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা হাশেম আলী একই এলাকার বাসিন্দা এবং বছের আলীর পুত্র। ঘটনার পরপরই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার চাচা আবু সামা তার নিজস্ব জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে মাঠে যান। এ সময় ট্রাক্টরের চাকা লেগে হাশেম আলীর জমির আইল ভেঙে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।
তবে শুক্রবার দুপুরে আবু সামা তার ছেলেকে নিয়ে হাশেম আলীর বাড়িতে গিয়ে পূর্বের ঘটনার বিষয়ে আলোচনা করতে গেলে আবারও তর্ক শুরু হয়। একপর্যায়ে হাশেম আলী উত্তেজিত হয়ে দা দিয়ে চাচাকে কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবু সামাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই আবু সামার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, ঘটনার পর অভিযুক্ত হাশেম আলী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হোক।