সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামের বাবুল হোসেন (৪১) এবং সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার মো. সালমান হোসেন (২২)।
মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক এলাকায় বাবুল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।