সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতি।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলার খোলাপাড়া এলাকায় ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস খান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. কুদ্দুস কোম্পানি, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, এবং সদস্য মো. কামরুল ইসলাম, মো. মজনু মিয়া, মো. সিরাজ হোসেন, মো. হাবিবুর রহমান হাবু, মো. আব্দুল আউয়াল প্রমুখ।
বক্তারা বলেন, “দেওয়ান মিঠু একজন সৎ ও জনবান্ধব রাজনীতিবিদ। ইটভাটা মালিকদের সঙ্গে তার সম্পর্ক বহু দিনের, কখনোই তিনি কোনো চাঁদা চাননি বা গ্রহণ করেননি। বরং তার সম্মানহানির জন্য একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে।”
তারা আরও বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে যে মিঠু ভাই কোনো ভাটা থেকে চাঁদা নিয়েছেন, তাহলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।”
এছাড়াও বক্তারা দৈনিক কালেরকণ্ঠে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, “রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্র চলছে। এ ধরনের অপপ্রচার বরদাশত করা হবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন –
কামরুল ইসলাম (কেবিসি), আমিনুল ইসলাম (এবিবি), মজনু মিয়া (জিবিসি), সিরাজ হোসেন (ওএবি), হাবিবুর রহমান হাবু (এইচবিসি), মো. নজরুল ইসলাম (জিবিসি), আব্দুল আউয়াল (এবিসি), নজরুল ইসলাম (কেএফসি), মো. সুরুজ (এএবি), গাজী (এএবি)সহ আরো অনেকে।
শেষে বক্তারা সংবাদপত্রে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ না করার আহ্বান জানান এবং প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দাবি জানান।