সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
ভালো পুলিশিং ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিঙ্গাইর থানার ওসি জেওএম তৌফিক আজম।
একই সঙ্গে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল।
সোমবার (২৩ জুন) মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন। এ সময় জেলার বিভিন্ন থানার ওসি, পুলিশ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ওসি তৌফিক আজম বলেন, “এই অর্জন আমার একার নয়। পুলিশ সুপার মহোদয়, সিনিয়র অফিসারবৃন্দ এবং থানার সব কর্মকর্তা ও ফোর্সের আন্তরিক সহযোগিতার ফলেই এই স্বীকৃতি সম্ভব হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
সিঙ্গাইর থানার দুই সদস্যের এই সম্মানজনক অর্জনে থানায় আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে এই অর্জনকে থানার সম্মান ও গর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।