মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও এলজিইডি’র বরাদ্দকৃত অর্থায়নে দ্বিতীয় ধাপে সিংড়া উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ হয়।
উপজেলা পরিষদ চত্বরে ২১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
হুইল চেয়ার বিতরণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলাফেরায় সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জীবনযাত্রা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছেন। এই হুইল চেয়ারগুলো তাদের চলাচলে যেমন সহায়ক হবে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে।
এসময় উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা পরিষদের সিএ মাহবুব হাসান, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।