সোহেল রানা, সিংগাইর প্রতিনিধি:
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার কাশিমনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মহিবুর রহমান।
তিনি জানান, সকালে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে হরিরামপুর থেকে ছেড়ে আসা শুকতারা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। তবে নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত পাঁচজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।