সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা থেকে কালীগঞ্জ পর্যন্ত ঘটেছে অস্বাভাবিক এক গাড়ি ধাওয়ার ঘটনা। সোমবার (১৬ জুন) সকালে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়ি স্থানীয়দের ধাওয়ায় পড়ে কালীগঞ্জের কাকিনা এলাকায় আটক করা হয়েছে। পুলিশ পরে গাড়িটি জব্দ করে এবং গাড়ির চালক ও তার সহযোগীকে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। স্থানীয়দের ধারণা, গাড়িটি ছিল মোতাহার হোসেনের ছেলের জন্য ঈদ উপলক্ষে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু গাড়িটি যখন রওনা হয়, তখনই স্থানীয়দের নজরে আসে এবং তারা গাড়িটিকে ধাওয়া করে।
প্রায় ৪০ কিলোমিটার পথ ধাওয়া খেয়ে গাড়িটি কালীগঞ্জের কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে স্থানীয়রা এটিকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়ির চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাংবাদিকদের জানান, “আমরা ভোরে খবর পাই যে, হাতীবান্ধা থেকে একটি দামি গাড়ি ধাওয়ায় আটকে পড়েছে। তৎক্ষণাৎ আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে। চালক এবং তার সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি মোতাহার হোসেনের মালিকানাধীন।”
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গাড়ি কেন হাতীবান্ধা থেকে বের হচ্ছিল এবং কেন তা ধাওয়া করা হয়েছিল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।