সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী নাবিল পরিবহনের বাস ও ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
শনিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন ও আহত হন কমপক্ষে ২০ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সেখানে সেনাবাহিনী ও উপস্থিত হয়।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন।