নূর আলম, দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোণা দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) পরিবারের উদ্যোগে ঈদ-পরবর্তী পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) ঐতিহাসিক কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোকে সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক আলকাছ উদ্দিন মীর এবং ডিএসকে’র সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেল।
সভাপতিত্ব করেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডিএসকে রিসোর্স সেন্টারের ব্যবস্থাপক মোরশেদ আলম।
এছাড়াও ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক, বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ-আড্ডায় মুখর ছিল গোটা আয়োজন।
আয়োজকরা জানান, এই মিলনমেলা ডিএসকে পরিবারের মধ্যে সৌহার্দ্য, মানবিকতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।