আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৫টি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ২১ জন শিক্ষার্থীর নগদ অর্থ ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (৯ জুন) বিকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে উৎসবমুখর পরিবেশে এ মেধা বৃত্তি উৎসব পালিত হয়।
ফাউন্ডেশনের সদস্য নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এস.এফ. গ্রুপের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, “নতুন প্রজন্মকে মেধাবী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ছোটবেলা থেকেই উৎসাহ দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় আনা হবে”
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, এস.এফ. গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবী সৈয়দ সাজেদা রশীদ শেলী, কানকিরহাট ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম, ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চাঁচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসাইন প্রমুখ।