আক্কাছ, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।
নিহত আকাশ হাওলাদার (৩৩) মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপরদিকে আহত জসিমউদ্দীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।