ফয়সাল আহমাদ, শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় আসাদুজ্জামান (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান(৪০) ময়মনসিংহ জেলার পাগলা থানার মধ্যলামকাইল গ্রামের আবুল কাশেম মাষ্টারের ছেলে। তিনি শ্রীপুরে আকিজ টোব্যাকো কোম্পানির এড়িয়া ম্যানেজার হিসেবে চাকুরিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান মোটর সাইকেলে করে তার কাজে যাচ্ছিলেন। এ সময় আদিব ডাইং এর কাছে পৌছালে দ্রুত গতির একটি পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে আসাদ ছিটকে পিকআপের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই সাকিব জানান, নিহত আসাদুজ্জামান আকিজ টোব্যাকোতে এরিয়া ম্যানেজার পদে চাকুরি করেন। আজ সকালে তিনি অফিসের কাজে মোটরসাইকেল যোগে যাবার পথে দ্রুত গতির পিকআপ তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, পিকআপ চালক ছিলো অপ্রাপ্ত বয়স্ক।
মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপ চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চালক সহ পিকআপটি আটক আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।